Spread the love

আজ পবিত্র ঈদুল আজহা। আত্মত্যাগ ও মহান উৎসর্গের আদর্শে মহিমান্বিত মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘কোরবানির ঈদ’ আজ সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। হিজরি বর্ষপঞ্জির জিলহজ মাসের ১০ তারিখে পালিত এই উৎসবকে কেন্দ্র করে রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলেও বিরাজ করছে আনন্দের আমেজ।

ঈদের দিন সকালে দেশের বিভিন্ন ঈদগাহ ময়দান ও মসজিদে লাখো মুসল্লির ঢল নামে। ধনী-গরিব, শ্রেণি-পেশা ও সামাজিক ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়িয়ে দুই রাকাত ওয়াজিব ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে খতিবরা খুতবার মাধ্যমে কোরবানির তাৎপর্য ও আত্মত্যাগের শিক্ষা তুলে ধরেন। পরে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কোলাকুলি বিনিময় করেন।

ঈদের নামাজ শেষে সামর্থ্যবান মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করবেন। ইসলামি আদর্শ অনুযায়ী, নিজের সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করার শিক্ষাই ঈদুল আজহার মূল প্রতিপাদ্য।

ইসলামি ইতিহাস অনুযায়ী, হযরত ইব্রাহিম (আ.) মহান আল্লাহর নির্দেশে তাঁর প্রিয় পুত্র হযরত ইসমাইলকে (আ.) কোরবানি করতে উদ্যত হন। আল্লাহর কঠিন পরীক্ষায় সফলতার পর অলৌকিকভাবে ইসমাইলের (আ.) পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়। সেই ঐতিহাসিক আত্মত্যাগের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতেই মুসলমানদের জন্য কোরবানির বিধান চালু হয়।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

রাজধানীর সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত আয়োজন করা হয়েছে। এতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ অংশ নেবেন। জামাতকে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

ঈদ উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা। এছাড়া হাসপাতাল, কারাগার, সরকারি এতিমখানা ও শিশু সদনে থাকা ব্যক্তিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থাও করা হয়েছে।

এদিকে, ঈদকে কেন্দ্র করে এবার দেশজুড়ে চলছে দীর্ঘ ছুটির আমেজ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, গত ২৫ মে থেকে শুরু হওয়া ছুটি চলবে আগামী ৩১ মে পর্যন্ত। অতিরিক্ত সরকারি ছুটির কারণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ অবকাশ উপভোগ করছেন।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়