গোনাহ থেকে দূরে থাকতে দ্বিতীয় বিয়ের ঘোষণা দিয়েছেন আলোচিত ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। বুধবার (৬ মে) সকাল ১০টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে মাদানী জানান, আল্লাহভীতি এবং গোনাহ থেকে বেঁচে থাকার তাগিদ থেকেই তিনি জীবনের এই ‘কঠিন সিদ্ধান্ত’ নিতে বাধ্য হয়েছেন। তিনি লিখেন, “আমি চাইনি নিজেকে কোনো হোটেল, পার্ক কিংবা অন্ধকার কোনো পথে খুঁজে পাই। আমি চেয়েছি হালালের মধ্যে থাকতে, আল্লাহর বিধানের মধ্যে থাকতে। এই চাওয়াটাই আমাকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে—দ্বিতীয় বিয়ে।”
নিজের প্রথম স্ত্রীর প্রসঙ্গে তিনি বলেন, এই সিদ্ধান্তে তার স্ত্রী কষ্ট পাচ্ছেন এবং বিষয়টি ভাবলে তার নিজেরও খারাপ লাগে। তিনি উল্লেখ করেন, তাদের আড়াই বছরের দাম্পত্য জীবনে কোনো ধরনের অভিযোগ ছিল না; বরং তারা একে অপরের সুখের কারণ ছিলেন। দ্বিতীয় বিয়ের বিষয়ে দীর্ঘ সময় ধরে তিনি প্রথম স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেছেন বলেও জানান তিনি।
ইনসাফ বজায় রাখাকে একাধিক বিয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে উল্লেখ করে মাদানী বলেন, “আমি আল্লাহর কাছে দোয়া করি, যেন তিনি আমাকে সেই তাওফিক দেন—যেন আমি কারো হক নষ্ট না করি, কারো প্রতি জুলুম না করি।”
পোস্টের শেষাংশে তিনি সবার কাছে দোয়া কামনা করেন, যাতে আল্লাহ তার দুই পরিবারকে ধৈর্য দান করেন এবং তিনি ন্যায়বিচারের সঙ্গে সংসার পরিচালনা করতে পারেন।
উল্লেখ্য, এর আগে বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে একাধিকবার আলোচনায় এসেছিলেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী।
