পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফেরা বাংলাদেশি হাজিদের সংখ্যা প্রায় ৩০ হাজারে পৌঁছেছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত ২৯ হাজার ৬৯৪ জন হাজি দেশে ফিরেছেন। আগামী ৩০ জুন পর্যন্ত ফিরতি ফ্লাইট পরিচালিত হবে।
হজ বুলেটিনে জানানো হয়েছে, চলতি বছর হজ পালনকালে ও পরবর্তী সময়ে এখন পর্যন্ত ৪৬ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৩০ জন পুরুষ ও ১৬ জন নারী। তাদের মধ্যে ৩৫ জন মক্কায় এবং ১১ জন মদিনায় ইন্তেকাল করেন।
দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ২৬ হাজার ৩৬৬ জন।
এদিকে বিভিন্ন এয়ারলাইনের মাধ্যমে হাজিদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে ফিরেছেন ৯ হাজার ৯৮১ জন, সৌদি এয়ারলাইনসের মাধ্যমে ১১ হাজার ৩৩১ জন, ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে ৭ হাজার ৭০০ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে ৬৮২ জন হাজি দেশে ফিরেছেন।
হজযাত্রীদের জন্য সৌদি আরবে বাংলাদেশ হজ মিশনের চিকিৎসাসেবা কার্যক্রমও অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ৫৬ হাজার ৩১২টি চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৫ হাজার ৭১০টি সেবা দেওয়া হয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্যমতে, বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২৬২ জন হজযাত্রী। বর্তমানে ২৪ জন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ৩০ জুন পর্যন্ত হাজিদের দেশে ফেরার কার্যক্রম চলবে। নিরাপদ ও সুশৃঙ্খলভাবে হাজিদের প্রত্যাবর্তন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
