Spread the love

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির দায়ে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে উপজেলার শিবালয় ইউনিয়নের অন্বয়পুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম।

জরিমানা করা ব্যবসায়ী মো. আরশেদ আলী একই উপজেলার অন্বয়পুর এলাকার বাসিন্দা।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে কিছু অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ১২টার দিকে আরশেদ আলীর দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে শিবালয় থানা পুলিশ সহযোগিতা করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নাজির মো. সাইফুল ইসলাম জানান, সরকার নির্ধারিত প্রতি লিটার পেট্রলের মূল্য ১১৬ টাকা হলেও আরশেদ আলী তা ১৬০ টাকায় বিক্রি করছিলেন। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায় এবং ব্যবসায়ী নিজেও বিষয়টি স্বীকার করেন।

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বলেন, জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।