সিলেটে এবার মাদ্রাসার দানবাক্সের টাকা লুটের ঘটনা ঘটেছে। প্রাইভেট কারযোগে সংঘবদ্ধ চক্র এই চুরি সংঘটিত করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে নগরের ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিটুলা জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার গেটের সামনে এ ঘটনা ঘটে। একই রাতে আরও কয়েকটি মসজিদের দানবাক্স থেকেও টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে।
এদিকে সম্প্রতি মহানগর বিএনপির সভাপতির ৫০ লাখসহ মোট ৭০ লাখ টাকা লুটের ঘটনার পর নতুন করে দানবাক্স চুরির ঘটনায় নগরজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে।
ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ফুটেজে দেখা যায়, ভোর রাত আনুমানিক ৩টা ৪৬ মিনিটে একটি সাদা প্রাইভেট কার মাদ্রাসার দানবাক্সের সামনে এসে থামে। কিছুক্ষণ পর গাড়ি থেকে এক যুবক নেমে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে সাদা টি-শার্ট পরিহিত আরও এক যুবক গাড়ি থেকে বের হয়ে দু’জনে মিলে ড্রিল মেশিন দিয়ে দানবাক্সের তালা ভেঙে ভেতরের টাকা বের করেন।
এসময় একটি মোটরসাইকেল পাশ দিয়ে চলে গেলেও তারা নির্বিঘ্নে চুরি চালিয়ে যায়। পরে একজন আবার নেমে দানবাক্সে থাকা অবশিষ্ট টাকা নিয়ে গাড়িতে ওঠেন। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে প্রাইভেট কারটি।
স্থানীয়দের দাবি, একই রাতে নগরের আরও কয়েকটি মসজিদে একই কায়দায় দানবাক্সের টাকা চুরি হয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি দেখেছি। এখনও কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেনি। তবে দুইজন সাব-ইন্সপেক্টরসহ পুলিশের একটি দল বিষয়টি তদন্ত করছে।”
