বিয়ের দাওয়াত কার্ড দিতে অবৈধভাবে ভারতে প্রবেশ করে বিএসএফের হাতে আটক হন দিনাজপুরের এক বাংলাদেশি নাগরিক। পরে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাকে দেশে ফেরত আনা হয়েছে।
শনিবার (১৬ মে) বিকেলে সীমান্ত এলাকায় দুই বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক শেষে আটক ব্যক্তিকে বিজিবির কাছে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
ফেরত আনা বাংলাদেশি নাগরিকের নাম আতাউস সামাদ আতু (৪৪)। তিনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খলিলপুর সরদারপাড়া গ্রামের মৃত সাদিকুল ইসলামের ছেলে।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে হিলি সীমান্তের হাড়িপুকুর এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন আতাউস সামাদ। ভারতে থাকা তার বোনের বাড়িতে বিয়ের দাওয়াত কার্ড পৌঁছে দিতেই তিনি সেখানে যান। পরে বিএসএফ সদস্যরা তাকে আত্মীয়ের বাড়ি থেকে আটক করে।
ঘটনার পর বিএসএফ বিষয়টি বিজিবিকে অবহিত করে। শনিবার বিকেলে সীমান্ত এলাকায় বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
পরে বিজিবি সদস্যরা তাকে হিলি থানায় নিয়ে যায়। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আতাউস সামাদকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
