কুমিল্লার তিতাসে হত্যা মামলার আসামি আব্দুল লতিফ ভূইয়াকে (৪৫) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১১ মে) রাতে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের কাছ থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আব্দুল লতিফ ভূইয়া মানিককান্দি গ্রামের মরহুম ধনু ভূইয়ার ছেলে। তিনি ২০২২ সালে সংঘটিত এক হত্যা মামলার আসামি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি এলাকায় সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা ও সাইফুল মেম্বারের অনুসারীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে ২০২২ সালের ৬ ডিসেম্বর আবুল হোসেন মোল্লার ছেলে ও ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জহিরুল ইসলাম মোল্লা (৩০) কুপিয়ে হত্যা হন। ওই মামলার আসামি ছিলেন আব্দুল লতিফ ভূইয়া। সম্প্রতি জামিনে মুক্ত হয়ে তিনদিন আগে তিনি এলাকায় ফেরেন।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ির পাশেই দুর্বৃত্তদের হামলার শিকার হন লতিফ। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি মো. মমিরুল হক বলেন, “৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় লতিফকে উদ্ধার করে। এ সময় তার সঙ্গে থাকা একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে সেখানে তিনি মারা যান। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের একাধিক সংস্থা কাজ করছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”
