চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রয়চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি তেলবাহী লরি ও বিপুল পরিমাণ ডিজেল ও পেট্রল জব্দ করা হয়।
পুলিশ জানায়, সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে বড়গাংনী পুলিশ তদন্তকেন্দ্রের একটি টহল দল উপজেলার কয়রাডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করে। এসআই পবিত্র মন্ডল ও এএসআই ইব্রাহীম হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভালাইপুর-হাটবোয়ালিয়া সড়কের পাশে একটি লরি থেকে ড্রামে তেল নামানোর সময় চারজনকে আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন—চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়ার গ্রামের আলী হোসেন (৫৩), মোজাম হোসেন (৪৫), পীরপুর মাঝেরপাড়ার রাহেন আলী (২৮) এবং আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের টিটন আলী (৩৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, জব্দ করা লরি ও ড্রাম থেকে মোট ২ হাজার ৮০০ লিটার ডিজেল এবং ৮ হাজার ৭০০ লিটার পেট্রল উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে তেলের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। প্রাথমিকভাবে তারা স্বীকার করেছেন, কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে এসব জ্বালানি তেল মজুদ করা হচ্ছিল।
এ ঘটনায় আরও দুজন জড়িত থাকলেও তারা পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
আলমডাঙ্গা থানার ওসি জানান, ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
