Spread the love

ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক ২০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১৬ মে) সকালে ময়মনসিংহের হালুয়াঘাট ও শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে তাদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার তেলিখালী এলাকার ধোপাঝুড়ি সীমান্তের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ১০ জনকে হস্তান্তর করা হয়। এছাড়া শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের নাকুগাঁও সীমান্ত দিয়ে আরও ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

এ ঘটনায় ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ফেরত আসা ২০ জনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করেছে বিজিবি। পরে হালুয়াঘাট ও নালিতাবাড়ী থানা-পুলিশ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

বিজিবি-৩৯ ব্যাটালিয়নের পক্ষে হালুয়াঘাটের তেলিখালী বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মো. মিজানুর রহমান পাসপোর্ট আইনে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করেন।

ফেরত আসা ব্যক্তিরা হলেন— রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মো. মুক্তার হোসেন, মো. শাহজামাল হক, মো. আনিছুর রহমান, মো. কামাল হোসেন, সিপেন, মো. ইব্রাহিম আলী, মো. নওশাদ আলী, মো. আকবর আলী, মো. জহিরুল ইসলাম, মো. শাকিম উদ্দিন, মো. সোবান আলী, মো. আব্দুল মারুফ রহমান, মো. আজিজুল ইসলাম, মো. আব্দুল আলিম, মো. আলামিন, মধু মুরারী, মো. আনিকুল ইসলাম, মো. তাজেল আলী, মো. মেসবাহুল ও মো. আব্দুল হাকিম।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ ফেরদৌস আলম এবং নালিতাবাড়ী থানার ওসি মো. আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, পাসপোর্ট আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়