Spread the love

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে ফের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছেন এবং অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার গোয়ালনগর গ্রামে রহিম তালুকদার গোষ্ঠী ও কাসেম গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে গত ১৭ মার্চও একই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল, যার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

নিহতরা হলেন—আক্তার মিয়া ও হাবিবুর রহমান। তাদের মধ্যে হাবিবুর রহমান স্থানীয় একটি মসজিদের ইমাম। নিহতদের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) সকালে গোয়ালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্র এলাকায় অনিয়মের অভিযোগে রহিম তালুকদার গোষ্ঠীর জিয়াউর রহমানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের কারাদণ্ড দেন। এ ঘটনাকে কেন্দ্র করে জিয়াউর রহমান একই গ্রামের কাসেম গোষ্ঠীর শিশু মিয়াকে সন্দেহ করেন।

এর জের ধরে সম্প্রতি জিয়াউর রহমান শিশু মিয়াকে তার মোটরসাইকেলসহ আটক করে মারধর করেন এবং মোটরসাইকেলটি ছিনিয়ে নেন। এ ঘটনায় গত ১৭ মার্চ দুই গোষ্ঠীর মধ্যে প্রথম দফা সংঘর্ষ হয়।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে উভয় পক্ষের লোকজন টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ থামানোর চেষ্টা করতে গিয়ে আক্তার মিয়া ও ইমাম হাবিবুর রহমান নিহত হন।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব বিরোধের জের ধরেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এ ঘটনায় এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *