Spread the love

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হাওরের পানিতে তলিয়ে গেছে কৃষকদের স্বপ্নের ফসল। নিজের আবাদ করা ধান পানির নিচে ডুবে যেতে দেখে শোক সহ্য করতে না পেরে আহাদ মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২ মে) সকাল ৮টার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা আহাদ মিয়া শ্রমিক নিয়ে জমিতে ধান কাটতে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান, তার ছয় বিঘা জমির পুরো ধান পানির নিচে তলিয়ে গেছে। এ দৃশ্য দেখে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন এবং পরে সেখানেই মারা যান।

নিহতের বড় ভাই ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আহম্মদ হোসেন জানান, আহাদ মিয়া ঋণ নিয়ে ছয় বিঘা জমিতে ব্রি-২৯ ধান আবাদ করেছিলেন। জমির সব ধান নষ্ট হয়ে যাওয়ার দৃশ্য তিনি সহ্য করতে পারেননি। পরে শ্রমিক ও স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। জোহরের নামাজের পর তাকে দাফন করা হয়। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

স্থানীয় কৃষক দুধ মিয়া বলেন, সাম্প্রতিক টানা বৃষ্টিতে গোয়ালনগর ইউনিয়নের চার থেকে পাঁচ হাজার বিঘা জমির ধান পানিতে তলিয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। একই কারণে অন্তত আরও তিনজন কৃষক অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিহতের ভাতিজা ফারুক মিয়া জানান, প্রায় ৫০ হাজার টাকা ঋণ নিয়ে তার চাচা ধান চাষ করেছিলেন। সব ধান পানিতে ডুবে যাওয়ার দৃশ্য দেখে তিনি জমির আইলেই অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান।

এ বিষয়ে নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন বলেন, ঘটনাটি জানার পর প্রতিনিধি পাঠিয়ে খোঁজ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধান নষ্ট হয়ে যাওয়ার শোকেই তিনি অচেতন হয়ে মারা যান। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং তাদের জন্য তিন মাসের ভর্তুকির ব্যবস্থা করা হবে। পাশাপাশি সরকারি ধান ক্রয় অভিযানে হাওরের কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে।

তবে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. সাইফুল ইসলাম জানান, বর্ণনা অনুযায়ী ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়