Spread the love

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় টানা লোডশেডিং ও তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরও। বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে সরাইল থানার ভেতরেই তিন পুলিশ সদস্য অচেতন হয়ে পড়েছেন।

শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। অসুস্থ হয়ে পড়েন কনস্টেবল বাবুল হোসেন (৪৭), মেহেরাব হোসেন (২৮) ও সাদ্দাম হোসেন (২৮)। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত থানায় বিদ্যুৎ ছিল না। দীর্ঘ সময় বিদ্যুৎহীন অবস্থায় ভ্যাপসা গরমে দায়িত্ব পালন করতে গিয়ে একপর্যায়ে তিনজনই অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও গুরুতর হতে পারত বলে জানানো হয়।

অসুস্থ কনস্টেবল বাবুল হোসেন বলেন, “বিদ্যুৎ না থাকায় খুব গরম ছিল। কখন যে অচেতন হয়ে পড়েছি বুঝতেই পারিনি। পরে সহকর্মীরা পানি দিয়ে হাসপাতালে নিয়ে যায়।”

এদিকে, টানা বিদ্যুৎ সংকট ও তাপদাহে সরাইলজুড়ে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। এতে সাধারণ মানুষের পাশাপাশি ব্যাহত হচ্ছে নিরাপত্তা সেবা ও দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রমও। স্থানীয়দের দাবি, দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন না হলে দুর্ভোগ আরও বাড়বে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়