কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় ১২ জন নিহতের মর্মান্তিক ঘটনায় শোকগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। নিহত প্রত্যেকের পরিবারকে জরুরি ভিত্তিতে ২৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
রোববার (২২ মার্চ) কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, শনিবার (২১ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন ‘মামুন পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসকে পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় ধাক্কা দিলে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে রেললাইনের ওপর দিয়ে প্রায় আধা কিলোমিটার দূরে টেনে নিয়ে যায়।
ঘটনাস্থল থেকে প্রথমে ৭ জনের মরদেহ উদ্ধার করা হলেও পরে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায়। এ ঘটনায় আরও বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন এবং তারা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের চিহ্নিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাফর সাদিক চৌধুরীকে আহ্বায়ক করে গঠিত ৫ সদস্যের এই কমিটিতে বিআরটিএ, হাইওয়ে পুলিশ, রেলওয়ে এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া পদুয়ার বাজার রেলক্রসিংয়ের মতো ব্যস্ত এলাকায় সিগন্যাল ব্যবস্থা বা গেটম্যানের কোনো গাফিলতি ছিল কি না, তদন্ত কমিটি তা গুরুত্বসহকারে খতিয়ে দেখবে।
