কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ভয়াবহ রেল দুর্ঘটনায় ১২ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোরে উপজেলার জাঙ্গালিয়া কচুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, চট্টগ্রামগামী মেইল ট্রেন একটি যাত্রীবাহী মামুন পরিবহণের বাসকে লেভেল ক্রসিং পার হওয়ার সময় সজোরে ধাক্কা দিলে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১২ জন যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী ও দুইজন শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ইপিজেড ফাঁড়ির উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে কর্তৃপক্ষ দুটি তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকেও একটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট লেভেল ক্রসিংয়ের দুই গেটম্যান মেহেদী হাসান ও হেলাল উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পূর্বাঞ্চল রেলওয়ের ডিজিএম সুবক্তগীন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলছে।
