Spread the love

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়ংকর ডাকাতির ঘটনা ঘটেছে। গরুভর্তি একটি ট্রাক থামিয়ে ১০টি গরু লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাত দল। এ সময় ট্রাকচালক ও হেলপারকে কুপিয়ে আহত করে গাছের সঙ্গে বেঁধে রেখে যায় তারা।

বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার বালুজুরি ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহীর চারঘাট বাজার থেকে ১০টি গরু বোঝাই করে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ঢ-১২-৩৮০০) চট্টগ্রামের মদিনা ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। ভোর রাত আনুমানিক ৩টার দিকে ট্রাকটি চৌদ্দগ্রামের বালুজুরি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ ভ্যানে থাকা ৮ থেকে ১০ জনের সশস্ত্র ডাকাত দল ট্রাকটিকে ধাওয়া করে।

একপর্যায়ে ডাকাতরা মহাসড়কে ব্যারিকেড সৃষ্টি করে ট্রাকটির গতিরোধ করে। ট্রাক থামার সঙ্গে সঙ্গে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে চালক আক্রাম হোসেনের ওপর হামলা চালায় তারা। পরে ট্রাকের নিয়ন্ত্রণ নিয়ে সেটি চৌদ্দগ্রাম বাজার অতিক্রম করে চৌদ্দগ্রাম-লাকসাম আঞ্চলিক সড়কের ফেলনা মোল্লা বাড়ি সংলগ্ন নির্জন এলাকায় নিয়ে যায়।

সেখানে ট্রাকচালক আক্রাম হোসেন ও হেলপার দেলোয়ার হোসেনকে রক্তাক্ত অবস্থায় গাছের সঙ্গে বেঁধে রেখে ট্রাকে থাকা ১০টি গরু নিজেদের পিকআপে তুলে দ্রুত পালিয়ে যায় ডাকাতরা।

ভোরবেলায় স্থানীয়রা রাস্তার পাশে খালি ট্রাক এবং দুই ব্যক্তিকে গাছের সঙ্গে বাঁধা ও রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে খালি ট্রাকটি থানা হেফাজতে রয়েছে।

এ ঘটনায় গরুর মালিক বাদী হয়ে চৌদ্দগ্রাম মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ডাকাতরা গরুগুলো অন্য একটি পিকআপে করে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। লুণ্ঠিত গরু উদ্ধার এবং জড়িত ডাকাতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান চলছে।”

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়