ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় স্টার লাইন পরিবহনের একটি বাসের চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ চারজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে মহাসড়কের কালাকচুয়া মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকসহ দুজন নিহত হন।
প্রাইভেটকারে থাকা মোট পাঁচজন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে শিশুসহ আরও দুজনের মৃত্যু হয়।
নিহতরা কুমিল্লার লাকসাম উপজেলার সোনাইমুড়ী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে তাদের নাম আব্দুল মুমিন, ঝর্ণা, লাবিবা ও আরসাদ বলে জানা গেলেও পুলিশ আনুষ্ঠানিকভাবে পরিচয় নিশ্চিত করার কাজ করছে।
দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করেছে পুলিশ।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোমেন বিষয়টি তালাশ বাংলাকে নিশ্চিত করে জানান, “দুর্ঘটনায় প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং বাসটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
