Spread the love

কুমিল্লায় বাস ও ট্রেনের সংঘর্ষে নারী-পুরুষ ও শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোর রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পাদুয়ার বাজার বিশ্বরোড এলাকার একটি লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ৩ জন নারী ও ১ জন শিশু রয়েছে। তবে এখনো তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী একটি যাত্রীবাহী বাস ভোরে লেভেল ক্রসিং অতিক্রম করার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, রেলওয়ে পুলিশ ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রেলওয়ে পুলিশের প্রাথমিক ধারণা, দ্রুতগামী ট্রেনের সামনে বাসটি পড়ে যাওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত নার্স মো. বোরহান উদ্দিন জানান, হাসপাতালে ১২ জনের মরদেহ আনা হয়েছে। এছাড়া ৪ জন আহত রোগী ভর্তি রয়েছেন এবং প্রাথমিক চিকিৎসা নিয়ে আরও প্রায় ১৫ জন চলে গেছেন।

আহত যাত্রী ওমর ফারুক জানান, দুর্ঘটনার সময় তিনি ঘুমিয়ে ছিলেন। হঠাৎ প্রচণ্ড ধাক্কা অনুভব করেন এবং জেগে উঠে দেখেন বাসটি দুমড়ে-মুচড়ে গেছে। এরপর কী হয়েছে, তা তিনি মনে করতে পারেন না।

সদর দক্ষিণ থানার ওসি সিরাজুল মোস্তফা বলেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *