মো: নাঈম সরকারঃ- কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের সাজঘর গ্রামের সাবের বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রোববার (১৫ মার্চ) ভোরে সেহরির সময় এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, সাজঘর গ্রামের সাবের বাজারে এনামুল হক নুরুন্নবীর মালিকানাধীন একটি মার্কেটের তিনটি দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ভোরে বাজারে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা চিৎকার করে আশপাশের লোকজনকে খবর দেন। পরে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে এরই মধ্যে তিনটি দোকান ও দোকানের ভেতরে থাকা মালামাল পুড়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ৪ নম্বর শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ। তিনি জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা করবে।
