কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন বন্ধু সেবা’র উদ্যোগে বিভিন্ন এতিমখানার শিশুদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ মার্চ) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার আসাদনগর কারকন হাজী বাড়ির ঈদগাহ মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার বিভিন্ন এতিমখানার শিশুরা অংশগ্রহণ করে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে আলোচনা সভা, দেশ ও জাতির কল্যাণ এবং কবরবাসীদের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পূর্ব চন্ডিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রশিদ জাবেরী।
দোয়া মাহফিলে উপস্থিত আলেমরা বলেন, রমজান মাস দান-সদকা ও মানবিক কাজের মাস। এতিম শিশুদের পাশে দাঁড়ানো এবং মৃতদের জন্য দোয়া করা অত্যন্ত সওয়াবের কাজ। এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে এতিম শিশুদের সঙ্গে উপস্থিত অতিথি ও সংগঠনের সদস্যরা একসঙ্গে ইফতার করেন। এতিমদের জন্য বিভিন্ন খাবারের আয়োজন করা হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. আবদুল মতিন ভূঁইয়া। সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শামসুল আলম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ও মোহাম্মদ খোরশেদ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সাইফুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক শফিউদ্দিন ভূঁইয়া, নির্বাহী সদস্য মোহাম্মদ শামীমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো এবং মানবিক কার্যক্রম পরিচালনা করাই তাদের মূল লক্ষ্য। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি এ ধরনের কার্যক্রম চালিয়ে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
