প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান শুরু করলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম।
শনিবার (১৪ মার্চ) ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নে এ কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম।
উদ্বোধনের পর এমপি জসিম উদ্দিন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে শশীদল এলাকার বিভিন্ন সড়ক, ঝোপঝাড় ও আশপাশের অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার করেন। এ সময় ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস করতে নালা-নর্দমা ও আশপাশে জমে থাকা আবর্জনা অপসারণ করা হয়।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিমসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে এমপি হাজী জসিম উদ্দিন বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিজেদের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। তিনি বলেন, প্রতিটি বাড়ির আঙিনা, নালা-নর্দমা ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই।
তিনি আরও জানান,মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত শনিবারের কর্মসূচির অংশ হিসেবে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার প্রতিটি পাড়া-মহল্লায় প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এজন্য তিনি স্থানীয় জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
অভিযান চলাকালে বিভিন্ন সড়ক, নালা-নর্দমা ও আশপাশে জমে থাকা আবর্জনা অপসারণ করা হয় এবং বাড়ির আশপাশে কোথাও পানি জমে না রাখার বিষয়ে এলাকাবাসীকে সচেতন করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।
পরে এমপি হাজী জসিম উদ্দিন জসিম জানান, তার নিজ ইউনিয়নসহ ব্রাহ্মণপাড়া উপজেলার অন্যান্য এলাকাতেও এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
