Spread the love

জাতীয় সংসদে জামায়াত-এ-ইসলামী ও এনসিপির উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, স্বাধীনতার পর একদল মেধাবী মানুষ জাসদ গঠন করেছিল। কিন্তু বাড়াবাড়ি করতে গিয়ে দেশ ও জাতির ক্ষতি হয়েছে, তারাও টিকে থাকতে পারেনি।

রবিবার (১৫ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মনিরুল হক চৌধুরী বলেন, জামায়াতের রাজনীতিকে বর্তমান পর্যায়ে নিয়ে আসতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি বলেন, “১৯৯১ সালের সংসদে আমরা একসঙ্গে কাজ করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আপনারা যখন প্রশ্ন করেন, মনে হয় এই দেশে ১৫–২০ বছর বিএনপি ছিল না। অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়া বহু বিরোধিতা উপেক্ষা করে জামায়াতের সঙ্গে একসঙ্গে কাজ করেছেন।”

তিনি আরও বলেন, “আজ আপনারা বিএনপিকেই প্রতিপক্ষ মনে করছেন। যেমন একসময় জাসদ আওয়ামী লীগকে প্রতিপক্ষ মনে করত। কিন্তু ইতিহাসে এর ফল কোথায় গিয়ে দাঁড়িয়েছে, তা বিবেচনা করার মতো বুদ্ধি সবারই আছে।”

সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, বর্তমান সংসদে দাঁড়িয়ে তিনি কখনও কখনও অস্বস্তি বোধ করেন। “আগে যাদের বিরুদ্ধে কথা বলতাম, তাদের চিনতাম। কিন্তু এখন যারা বিরোধী দলে আছেন, তাদের অনেককেই এখনো চিনি না,” বলেন তিনি।

তিনি উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগেই বলেছিলেন, সামনে কঠিন নির্বাচন হবে। “অনেকে তখন বুঝতে পারেননি। কিন্তু নির্বাচন করতে গিয়ে আমরা বুঝেছি, কত কঠিন একটি নির্বাচন পার করে এসেছি,” বলেন তিনি।

মনিরুল হক চৌধুরী বলেন, এত সংখ্যক সদস্য নিয়ে সংসদে আসার পর জামায়াতে ইসলামী বাংলাদেশের আলহামদুলিল্লাহ বলা উচিত ছিল। কিন্তু এখন বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।

মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমরা যারা কিছু মুক্তিযোদ্ধা এখনো বেঁচে আছি, আমাদের আজ প্রশ্ন করতে হয়—মুক্তিযুদ্ধ আর ২৪-এর যুদ্ধ কি এক কাতারে হলো? ফ্যাসিস্ট শাসনামলে বিচারের নামে অন্যায় হয়ে থাকলে সেটি আলাদা বিষয়।”

এ সময় এনসিপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, “তাদের বয়স কম হলেও আমি শ্রদ্ধা করি। কারণ তারা সাহসী প্রজন্ম, এ সময়ের চাহিদা।”

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *