Spread the love

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিসহ ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কয়েকজন শীর্ষ কর্মকর্তার তথ্যের জন্য সর্বোচ্চ ১০ মিলিয়ন ডলার (১ কোটি ডলার) পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এ ঘোষণা দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস প্রকাশিত একটি ব্যানারে মোজতবা খামেনিকে ‘ওয়ান্টেড’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ওই তালিকায় আরও রয়েছেন তার নিহত বাবার ডেপুটি চিফ অব স্টাফ আলি আসগর হেজাজি এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি। এছাড়া সর্বোচ্চ নেতার সিনিয়র সামরিক উপদেষ্টা ইয়াহইয়া রহিম সাফাভি, স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি এবং গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবের নামও উল্লেখ করা হয়েছে।

ব্যানারে নাম উল্লেখ না করে আরও চারটি গুরুত্বপূর্ণ পদের কথাও বলা হয়েছে। এগুলো হলো— সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি, সর্বোচ্চ নেতার সামরিক দপ্তরের প্রধান, আইআরজিসির কমান্ডার-ইন-চিফ এবং ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা।

মার্কিন কর্তৃপক্ষের দাবি, তালিকাভুক্ত ব্যক্তিরা আইআরজিসির বিভিন্ন শাখা পরিচালনা ও নির্দেশনার সঙ্গে জড়িত এবং এসব শাখা বিশ্বজুড়ে বিভিন্ন অভিযান পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট।

‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচি জানিয়েছে, এসব ব্যক্তি বা আইআরজিসির ঊর্ধ্বতন কমান্ডারদের সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্ম বা টর নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ করা যাবে। গুরুত্বপূর্ণ তথ্য দিলে সর্বোচ্চ ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার দেওয়া হতে পারে।

সূত্র: তুর্কি টুডে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *