“আহলে সুন্নাতের আকিদা পুন:সংযোজন, মব সন্ত্রাসে নিহত মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার ও চাকরিচ্যুত ইমাম-খতিবদের পুনর্বহালের দাবি” মাদ্রাসা পাঠ্যবইয়ে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদা পুনঃসংযোজন, মব সন্ত্রাসে নিহত আলেমে দ্বীন মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার, চাকরিচ্যুত ইমাম-খতিবদের পুনর্বহালসহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।
৯ মার্চ (সোমবার) দুপুরে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আয়োজিত ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনী হলে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন দলের মহাসচিব জননেতা মওলানা অধ্যক্ষ স উ ম আব্দুস সামাদ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এদেশের মানুষের ধর্মীয় বিশ্বাস ও আধ্যাত্মিক ঐতিহ্যের মূল ভিত্তি আহলে সুন্নাত ওয়াল জামাআতের আদর্শ। কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্ষেত্রে এই ঐতিহ্যকে উপেক্ষা করা হচ্ছে, যা গভীর উদ্বেগজনক।”
তিনি আরও বলেন, “মব কালচার কোনো সভ্য রাষ্ট্রে গ্রহণযোগ্য হতে পারে না। মব সন্ত্রাসীরা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। ধর্মীয় মতাদর্শের কারণে মবের শিকার ইমাম মাওলানা রইস উদ্দিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবী করা হয়।”
সংবাদ সম্মেলনে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আকাঈদ ও ফিকহ পাঠ্যপুস্তকে ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিশুদ্ধ আকিদা পুনঃসংযোজন , একই সঙ্গে অষ্টম, নবম ও দশম শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া মহানবী (সা.)-এর রওজা জিয়ারত ও উসিলা গ্রহণ সংক্রান্ত বিষয় পুনরায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।
এছাড়া মব সন্ত্রাসের অজুহাতে চাকরিচ্যুত শিক্ষক, ইমাম, খতিব ও ব্যাংকারদের চাকরিতে পুনর্বহাল করা সহ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেশের স্বার্থবিরোধী বন্দর ও একতরফা বাণিজ্য চুক্তি বাতিল করে এসব বিষয়ে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আউলিয়া কেরামের মাজার শরীফে হামলার ঘটনাগুলোর নিন্দা জানিয়ে বলা হয়, ক্ষতিগ্রস্ত মাজার শরীফগুলো সরকারি খরচে পুনর্নির্মাণ এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানানো হয়।
আন্তর্জাতিক পরিস্থিতি প্রসঙ্গে দলটি জানায়, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইসরায়েল ও মার্কিন আগ্রাসনের শিকার ইরানের জনগণের প্রতি আমরা সংহতি প্রকাশ করছি। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধ ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের দৃঢ় কূটনৈতিক অবস্থান গ্রহণের আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে ফ্রন্টনেতারা বলেন, “দেশের শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা রক্ষার জন্য সহনশীল ও আউলিয়া-প্রবর্তিত ইসলামী আদর্শকে সমুন্নত রাখা জরুরি।” দাবী বাস্তবায়নের লক্ষে আমরা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছি: জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি প্রদান করা। আগামী ১লা এপ্রিল এসব দাবীর ব্যাপারে জনসচেনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের প্রতিটি থানা/উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ , ৭ এপ্রিল প্রতিটি জেলা সদরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ স.উ.ম আবদুস সামাদ। উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য আল্লামা আবু সুফিয়ান খান আবেদী, গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক, এডভোকেট ইকবাল হাছান, মুহাম্মদ আব্দুল হাকিম, ইঞ্জিনিয়ার শামসুল আলম কাজল, নাসির উদ্দীন মাহমুদ, বাংলাদেশ ইসলামী যুবসেনার সভাপতি ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার, আবু নাসের মোহাম্মদ মুসা, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সভাপতি আজাদ হোসাইনসহ আরো অনেকে।
