গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-ইসরাইল যুদ্ধে প্রাণহানি ও আহতের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধ শুরু হওয়ার পর এক সপ্তাহের বেশি সময়ে দেশটিতে মোট ১ হাজার ৯২৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানায়, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এখন পর্যন্ত অন্তত ১৩ জন ইসরাইলি নিহত হয়েছেন। রোববার (৮ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইরানের হামলায় নতুন করে আরও ১৫৭ জন আহত হয়েছেন।
ইসরাইলের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত এবং হামলার পরবর্তী পরিস্থিতিতে নাগরিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্তমানে দেশটির বিভিন্ন হাসপাতালে ১১২ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
মন্ত্রণালয়ের তথ্যমতে, অনেকেই সাইরেন শুনে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে বা ধাক্কা লেগে আহত হয়েছেন। এ কারণে নাগরিকদের সতর্কতার সঙ্গে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে এই আঞ্চলিক উত্তেজনার সূত্রপাত ঘটে গত ২৮ ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে বিমান হামলা চালায়। ওই হামলার পর থেকে এখন পর্যন্ত ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ অন্তত ১,২০০ জন নিহত এবং ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
