ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ ও ভারতে অনুপ্রবেশের সময় একই পরিবারের সাতজনসহ ১১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে ১০ জন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন।শুক্রবার (৬ মার্চ) রাত ৮টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত শ্রীনাথপুর বাঘাডাঙ্গা বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় একই পরিবারের সাতজনসহ ১০ জনকে আটক করা হয়।
একই সময়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতের মুর্শিদাবাদ জেলার এক বাসিন্দাকে আটক করা হয়েছে।
আটক একই পরিবারের সাতজনের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও পাঁচজন শিশু রয়েছে। অন্যদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও একজন শিশু রয়েছে। তারা সাতক্ষীরা, গাইবান্ধাসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এদিকে যাদবপুর, বাঘাডাঙ্গা, বেনীপুর ও উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে আসামিবিহীন অবস্থায় ৮৬ বোতল ভারতীয় মদ, ৪৭২ পিস ভায়াগ্রা ট্যাবলেট এবং ৩০ বোতল ভারতীয় মাদক সিরাপ উদ্ধার করা হয়।
