Spread the love

ঝিনাইদহের মহেশপুর প্রেস ক্লাব কার্যালয়ে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন প্রেস ক্লাব কার্যালয়ে এ ঘটনা ঘটে। এতে স্থানীয় সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

প্রেস ক্লাব সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে একদল দুর্বৃত্ত কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা আলমারি ও ড্রয়ার ভেঙে একটি ল্যাপটপ, নগদ টাকা এবং গুরুত্বপূর্ণ নথিপত্রসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। হামলার সময় কার্যালয়ে কোনো সাংবাদিক উপস্থিত ছিলেন না।

পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে প্রেস ক্লাব কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে আসবাবপত্র ও দরজা-জানালা ভাঙা অবস্থায় দেখতে পান।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মহেশপুর প্রেস ক্লাবের সভাপতি সরোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, “সাংবাদিক সংগঠনের ওপর এমন হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।” তারা দ্রুত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তারা।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় সচেতন মহল ও সাংবাদিক সমাজ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *