ঝিনাইদহের মহেশপুরে পানিতে নেমে আশিক হোসেন (২৮) নামে এক পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার নস্তি বাওড়ে এ ঘটনা ঘটে।
নিহত আশিক হোসেন নওগাঁ জেলার রানীনগর উপজেলার ডাকাহারা গ্রামের বাসিন্দা। তিনি ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে একটি গাড়ি সার্ভিসিংয়ের কাজে মহেশপুর থানায় আসেন আশিক হোসেন। কাজ শেষে শরীরে ধুলাবালি ও তেল-কালি লেগে যাওয়ায় তিনি গোসল করতে নস্তি বাওড়ে নামেন। গোসল শেষে পানি থেকে উঠে আসার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাহ হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ অকাল মৃত্যুতে জেলা পুলিশের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
