‘৫ আগস্ট’ দিনটি দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একটি আশীর্বাদস্বরূপ হিসেবে এসেছে বলে মন্তব্য করেছেন ছাত্রনেতা জামিলুর রহমান তানিম। তিনি বলেন, এই দিনটি দলটির জন্য আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।
জামিলুর রহমান তানিম কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের কৃতি সন্তান। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এক প্রতিক্রিয়ায় জানিয়ে তালাশ বাংলাকে তিনি বলেন, আওয়ামী লীগের প্রতি সাধারণ জনগণের ভালোবাসা এখনো রয়েছে। তবে বর্তমান পরিস্থিতির জন্য দলের উচ্চপর্যায়ের কিছু নেতার দুর্নীতি ও স্বৈরাচারী মনোভাব দায়ী বলে তিনি মন্তব্য করেন।
তিনি দাবি করেন, প্রকৃত আদর্শিক কর্মীরা কখনো জনগণ থেকে বিচ্ছিন্ন ছিলেন না এবং ৫ আগস্টের পর তাদের পালিয়ে বেড়ানোর প্রয়োজন হয়নি। তার মতে, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে আদর্শিক রাজনীতি চর্চা করলেও শীর্ষ পর্যায়ের কিছু সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের কারণে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তানিম তালাশ বাংলাকে বলেন, যারা প্রকৃতপক্ষে আওয়ামী লীগের আদর্শে বিশ্বাস করেন, তাদের উচিত সাম্প্রতিক ঘটনাবলীর জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা করা এবং গণহত্যার অভিযোগের সুষ্ঠু বিচার নিশ্চিত করা।
তিনি আরও বলেন, দলকে পুনর্গঠন করতে হলে বিতর্কিত নেতৃত্ব ও স্বৈরাচারী প্রবণতা থেকে বেরিয়ে আসা প্রয়োজন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করা হলে দলটি আবারও জনগণের আস্থা ফিরে পেতে পারে বলে তিনি মনে করেন।
তার বক্তব্যে উঠে আসে, দেশ ও জাতির স্বার্থকে প্রাধান্য দিয়ে নতুনভাবে রাজনীতি শুরু করাই এখন সময়ের দাবি। তিনি বলেন,দল যদি সত্যিকার অর্থে জনগণের ভালোবাসা ধরে রাখতে চায়, তবে আত্মশুদ্ধি, জবাবদিহিতা এবং গণতান্ত্রিক চর্চার কোনো বিকল্প নেই।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের বক্তব্য বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ। এটি কেবল একটি দলের অভ্যন্তরীণ সংকটের বিষয় নয়, বরং দেশের সামগ্রিক গণতান্ত্রিক ভবিষ্যতের সঙ্গেও সম্পর্কিত।
