Spread the love

পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সফিকুল ইসলাম খান (৩৮) কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কারা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কারাগারে থাকা অবস্থায় লিভার সিরোসিস ও হৃদরোগজনিত জটিলতায় শুক্রবার বিকেল ৪টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সফিকুল ইসলাম খান। তাৎক্ষণিকভাবে তাকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ প্রহরায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, সফিকুল ইসলাম খান ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন। পরে ২০২৫ সালের ১০ আগস্ট বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরসহ একাধিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে বন্দি ছিলেন।

পটুয়াখালী কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার রাতেই তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। মরদেহ দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের নিজ গ্রামে নেওয়া হবে। শনিবার বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার ছোট ভাই শামীম খান।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *