Spread the love

কক্সবাজারের মহেশখালী-কুতুবদিয়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরের একটি গাড়ির চাপায় খালেদ বিন ওয়ালিদ (৮) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কুতুবদিয়া দ্বীপ সফর শেষে মহেশখালীতে ফেরার পথে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরটি বদরখালীর প্রধান সড়ক অতিক্রম করছিল। এ সময় বহরের তৃতীয় নম্বর গাড়িটি রাস্তার পাশে থাকা খালেদ বিন ওয়ালিদকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে দ্রুত বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত তিনজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত খালেদ বিন ওয়ালিদ বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাটা এলাকার প্রবাসী আমান উল্লাহর ছেলে। সে স্থানীয় একটি নুরানি মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাড়িবহরে থাকা শিক্ষক ও স্থানীয় সংবাদকর্মী ফারুক ইকবাল জানান, নির্বাচন-পরবর্তী সফরে এমপি আলমগীর ফরিদ কুতুবদিয়ায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে বদরখালী প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, “এমপির ব্যক্তিগত গাড়িতে নয়, তার বহরে থাকা একটি গাড়ির ধাক্কায় বদরখালীর এক শিশুর মৃত্যু হয়েছে।”

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *