Spread the love

কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পতাকা উড়িয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান ও ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়ার নেতৃত্বে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ১৮ ফেব্রুয়ারি বুড়িচং উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পতাকা উড়িয়ে ‘জয় বাংলা’ স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে পুলিশ তদন্ত শুরু করে। ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করে বিভিন্ন সময়ে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের মৃত হাজী ইউনুস মিয়ার ছেলে ও আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর আলম (৬১) এবং উত্তরপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে ও যুবলীগ নেতা শাহীন মিয়া।

অপরদিকে, গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ইফতারের আগমুহূর্তে উপজেলা সদরের দক্ষিণ বাজার এলাকায় অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান কর্মসূচি পালন করেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ ঘটনায়ও এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ভিডিও ফুটেজ ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে হাবিবুর রহমান নামে এক নেতাকে শনাক্ত করে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সদর ইউনিয়নের ডগ্রাপাড়া এলাকার মৃত ফরিদ মেম্বারের ছেলে এবং ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান ও ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া পৃথক বক্তব্যে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *