নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশের মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মগুরুদের সম্মানী দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। তবে সম্মানীর পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।
শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। এ সময় স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম উপস্থিত ছিলেন।
মাহদী আমিন বলেন, নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সম্মানী প্রদান। ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় সরকার ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে কয়েকটি এলাকায় এ কার্যক্রম শুরু করবে। পর্যায়ক্রমে তা সারা দেশে সম্প্রসারণ করা হবে।
সম্মানীর পরিমাণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, আজ ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের তৃতীয় কর্মদিবস। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে তিনি ইতোমধ্যে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেছেন প্রধানমন্ত্রী। অফিসে প্রবেশের আগে তিনি ব্রিফিং করেন এবং দীর্ঘদিনের কর্মজীবীদের সঙ্গে মতবিনিময় করেন। সংশ্লিষ্ট মন্ত্রীরাও নীতিগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
