কুমিল্লায় সরকারি ভবনে পরিবার নিয়ে বসবাস উপপরিচালকের, বাড়িভাড়া ভাতা নিয়েও প্রশ্ন
কুমিল্লা জেলা পরিসংখ্যান কার্যালয়ের সরকারি ভবনের একটি অংশে পরিবার নিয়ে বসবাস করছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কুমিল্লা জেলা কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান চৌধুরী—এমন অভিযোগ উঠেছে। একই সঙ্গে তিনি সরকারি বেতনের সঙ্গে বাড়িভাড়া ভাতাও গ্রহণ করছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় সরকারি স্থাপনার ব্যবহার ও সরকারি বিধি অনুসরণের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।
অনুসন্ধানে জানা গেছে, কুমিল্লা জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভবনের একটি অংশ দীর্ঘদিন ধরে আবাসিক হিসেবে ব্যবহার করছেন উপপরিচালক আতিকুর রহমান চৌধুরী। সেখানে তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যরা বসবাস করছেন বলে জানা গেছে। তাঁর স্ত্রী তসলিমা আক্তার কুমিল্লা সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের প্রভাষক।
অভিযোগ রয়েছে, সরকারি কার্যালয়ের কাজে ব্যবহারের জন্য নির্ধারিত ভবনের একটি অংশ আবাসিক হিসেবে ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে কি না, তা স্পষ্ট নয়। পাশাপাশি সরকারি ভবনে বসবাসের পরও তিনি বাড়িভাড়া ভাতা গ্রহণ করছেন কি না এবং করলে তা বিধিসম্মত কি না—এ নিয়েও প্রশ্ন উঠেছে।
নাম প্রকাশ না করার শর্তে জেলা পরিসংখ্যান কার্যালয়ের এক কর্মচারী বলেন, “উপপরিচালক কুমিল্লায় যোগদানের পর থেকেই কার্যালয়ের ভবনে পরিবার নিয়ে থাকছেন। তিনি বাড়িভাড়া ভাতা পাচ্ছেন কি না, সেটিও কর্তৃপক্ষের খতিয়ে দেখা উচিত।”
অভিযোগের বিষয়ে জানতে কুমিল্লা জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি। তিনি বলেন,এই বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না।
এ বিষয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিচালক (ভারপ্রাপ্ত) ও উপপ্রকল্প পরিচালক রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,এভাবে অফিসে থাকাটা ঠিক নয়।
সরকারি কার্যালয়ের ভবন আবাসিক কাজে ব্যবহারের অনুমোদন, সংশ্লিষ্ট কর্মকর্তার বাড়িভাড়া ভাতা গ্রহণ এবং এ ক্ষেত্রে সরকারি বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না,এসব বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়ার দাবি উঠেছে।
