অপরাধ তালাশ

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বাড়ি থেকে দুটি বন্দুকসহ দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ১

কুমিল্লার লালমাই উপজেলার ইছাপুরা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে দুটি বন্দুক, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১-এর কুমিল্লার একটি ইউনিট। এ ঘটনায় বাড়ির মালিক আসিফকে (২২) আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ইছাপুরা পূর্ব-দক্ষিণপাড়ায় এ অভিযান চালানো হয়।

আটক আসিফ মৃত ডাক্তার শাহনেওয়াজ ওরফে লাভলুর ছেলে। তিনি স্থানীয় শাকেরা বাজারের পশুখাদ্য ব্যবসায়ী বলে জানা গেছে।

এসআরবি ও স্থানীয় সূত্রে জানা যায়, লালমাই উপজেলার প্রত্যন্ত ইছাপুরা গ্রামে দেশীয় অস্ত্র তৈরি করে কিশোর গ্যাংয়ের সদস্যদের কাছে বিক্রি করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে ডাক্তার শাহনেওয়াজ ওরফে লাভলুর বাড়িতে অভিযান চালায় এসআরবি-১১-এর একটি দল।

অভিযানকালে বাড়িটি থেকে দুটি বন্দুক, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে বাড়ির মালিক আসিফকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।