কারাগারে যুবলীগের সাবেক নেতার মৃত্যু
বগুড়া জেলা কারাগারে বন্দি ধুনট পৌর যুবলীগের সাবেক সভাপতি সোহরাব হোসেনের (৪৪) মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে অসুস্থ হয়ে পড়লে তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সোহরাব হোসেন বগুড়ার ধুনট পৌরসভার সদরপাড়া গ্রামের মৃত রহম আলী হাজীর ছেলে। বিস্ফোরকসহ একাধিক মামলায় গত তিন থেকে চার মাস ধরে তিনি কারাগারে বন্দি ছিলেন।
বগুড়া জেলা কারাগারের জেল সুপার আসাদুর রহমান তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর সোহরাব হোসেনকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সোহরাব হোসেনের বড় ভাই শহিদুল ইসলাম বলেন, কারা কর্তৃপক্ষ তাঁদের জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর ভাইয়ের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পরে শুক্রবার আসরের নামাজের পর ধুনটের চর ধুনট এলাকার জান্নাতুল ফেরদৌস কবরস্থানে সোহরাব হোসেনের দাফন সম্পন্ন হয়।
