কুমিল্লার সংবাদ

কুমিল্লায় পানিতে ডুবে জমজ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

কুমিল্লার বরুড়ায় পানিতে ডুবে জুনাইরা ও তাসলিমা নামে ১৮ মাস বয়সী জমজ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাছিয়াপুকুরিয়া গ্রামে বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের জসিম উদ্দিনের সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে খেলছিল জমজ দুই শিশু। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করলে পানিতে দুই শিশুকে দেখতে পান। দ্রুত তাদের উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জমজ দুই শিশুর আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার-পরিজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।