বুড়িচং

বুড়িচংয়ে চোরাই পণ্য পাচারে বাধা দেওয়ায় ঘুমন্ত বৃদ্ধা নারীকে কুপিয়ে হত্যা চেষ্টা;বিচারের দাবিতে সড়কে মানববন্ধন-বিক্ষোভ

কুমিল্লার বুড়িচংয়ে বাড়ির ওপর দিয়ে ভারতীয় চোরাই পণ্য ও মাদক পাচার এবং যাতায়াতে বাধা দেওয়াকে কেন্দ্র করে গভীর রাতে ঘরে ঢুকে এক বৃদ্ধাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহত জাহানারা বেগম (৬৫) বর্তমানে ঢাকার একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার শংকুচাইল বাজারে কুমিল্লা-বাগড়া-বুড়িচং সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসী। পরে পাঁচোড়া বাজারেও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন তাঁরা।

আহত জাহানারা বেগম উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া পূর্বপাড়ার বাসিন্দা মো. আবুল কালাম আজাদের স্ত্রী।

মানববন্ধনে আহত নারীর ছেলে রমজান হোসেন অভিযোগ করেন, স্থানীয় মাদক কারবারি হিসেবে পরিচিত মিজানুর রহমান ও মনজুরুল আলম বাবুসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন গত ৪ অক্টোবর দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তাঁদের বাড়িতে হামলা চালান। এ সময় ঘরের জানালা খুলে তাঁর মায়ের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তাঁর মা গুরুতর আহত হন।

তিনি আরও অভিযোগ করেন, তাঁদের বাড়ির ওপর দিয়ে ভারতীয় চোরাই পণ্য ও মাদক পাচার এবং যাতায়াতে বাধা দেওয়ায় এ হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় আহত নারীর ছেলে মো. রমজান হোসেন (৩০) বুড়িচং থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহারে স্থানীয় বাসিন্দা মো. মিজানুর রহমান (৬০) এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে অভিযুক্ত করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, রমজান হোসেন ব্যবসার কারণে স্ত্রীকে নিয়ে কুমিল্লা শহরে বসবাস করেন। গ্রামের বাড়িতে তাঁর মা-বাবা থাকেন। বাড়ির ওপর দিয়ে চোরাই পণ্য ও মাদক পাচার-যাতায়াতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন বয়স্ক নারীকে এভাবে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি এলাকায় চোরাচালান ও মাদক কারবার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।

বক্তারা আরও জানান, ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় লোকজন অভিযুক্ত মিজানুর রহমানকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

পাঁচোড়া বাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে আহত নারীর ছেলে রমজান হোসেন ও ইসমাইলসহ স্থানীয় বাসিন্দা তামিম, রাজিব, ইঞ্জিনিয়ার রায়হান, শাওন, রাহিম, সাজ্জাদ হোসেন রানা, আরিফুল ইসলাম, সজিব, অন্তর, এনামুল, রিফাত, হাজী মো. সুমন ও হাজী মো. লুৎফুর বক্তব্য দেন। এ সময় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফুর রহমান জানায়, এ ঘটনায় স্থানীয় লোকজন অভিযুক্ত মিজানুর রহমানকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।আটককৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ও বিচার করবে আদালত।