কুমিল্লার সংবাদ

কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীদের কক্সবাজারগামী বাস ডোবায়, আহত ২০

কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস সড়কের পাশের ডোবায় পড়ে গেছে। এ ঘটনায় বাসে থাকা প্রায় ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—যাওয়াত, ফেরদৌস, কৌশিক, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বার্ষিক ভ্রমণে কক্সবাজার যাওয়ার জন্য সোমবার রাতে সেন্টমার্টিন পরিবহনের চারটি বাস নিয়ে বরিশাল থেকে রওনা হন। মঙ্গলবার সকালে তাদের বহনকারী একটি বাস দাউদকান্দির জিংলাতলী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি মহাসড়কের পাশের ডোবায় পড়ে উল্টে যায়।

দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৪০ জন শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে প্রায় ২০ জন আহত হন। স্থানীয়রা ও পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। গুরুতর আহত ৯ জনকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করা বাকি তিনটি বাস তাদের ভ্রমণ বাতিল করে বরিশালে ফিরে গেছে বলে জানা গেছে।

দুর্ঘটনার কারণ ও আহতদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।