আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা–৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনের এমপি প্রার্থী ড. মোবারক হোসাইন।
সমাবেশে প্রধান আলোচকের বক্তব্য রাখেন ১১ দলীয় জোট মনোনীত কুমিল্লা–৪ সংসদীয় আসনের এমপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন,
“দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা এখন সময়ের দাবি। ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ জোটের কোনো বিকল্প নেই।”
প্রধান অতিথির বক্তব্যে ড. মোবারক হোসাইন বলেন,
“বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে জনগণ যদি আমাদের ওপর আস্থা রাখে, তবে ইনশাআল্লাহ আমরা ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাজনীতি উপহার দিতে সক্ষম হব।”
সমাবেশে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
