Spread the love

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালে এই দেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। ১৯৭১ সাল ছিল আমাদের স্বাধীনতা অর্জনের যুদ্ধ। আর ২০২৪ সালের জুলাই যোদ্ধারা সেই স্বাধীনতাকে রক্ষা করেছে।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বিএনপির ৪১৯ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। এ ছাড়া ওই দিন আরও প্রায় হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) রাত পৌনে ১১টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফুলতলী (ডিগবাজি) মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি অতীতে একাধিকবার দেশ পরিচালনা করেছে। বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, তখন স্কুল থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত নারীদের শিক্ষাকে বিনামূল্যে করা হয়েছে। কৃষকদের জন্য ৫ হাজার টাকা কৃষিঋণ ও ১০ হাজার টাকা পর্যন্ত সুদ মওকুফ করা হয়েছে।

তিনি বলেন, বিএনপি আরও বহু উন্নয়নমূলক কাজ করেছে, যার সুফল এই এলাকাসহ সারা দেশের মানুষ পেয়েছে। দেশ পরিচালনার অভিজ্ঞতা থাকায় বিএনপি জানে কীভাবে ধীরে ধীরে দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে হয়, কীভাবে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়, মানুষের জীবন-যাত্রা নিরাপদ রাখা যায়, দুর্নীতির লাগাম টেনে ধরা যায় এবং ছাত্র-তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা যায়।

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে অন্যান্য দলের সমালোচনার বিষয়ে তিনি বলেন, এ নিয়ে অনেক কথা বলা হচ্ছে, পত্র-পত্রিকায়ও দেখা যাচ্ছে। কিন্তু এসব সমালোচনায় আমাদের কিছু যায় আসে না। আপনারা এখানে লাখো মানুষ উপস্থিত আছেন। আপনারা ধানের শীষকে জয়যুক্ত করে সরকার গঠন করলে আমরা চোখ বন্ধ করে জনগণের কল্যাণে কাজ করে যাব।

তারেক রহমান আরও বলেন, আমাদের মূল উদ্দেশ্য জনগণের ভাগ্য পরিবর্তন করা। জনগণ যদি এখন ১০ শতাংশ ভালো থাকে, আমরা সেটাকে ২০ শতাংশে উন্নীত করব। ১০০ শতাংশে যেতে সময় লাগবে, কিন্তু অন্তত ২০ শতাংশ উন্নতি করলেও আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও কুমিল্লার ১১টি সংসদীয় আসনের নির্বাচনী সমন্বয়ক আমিন উর রশিদ ইয়াছিন, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও কুমিল্লা-৬ আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৭ আসনের প্রার্থী জাকারিয়া তাহের সুমন।

এ ছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *