Spread the love

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহসহ চার নেতাকর্মীর বিরুদ্ধে যুক্তরাজ্যে মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এনসিপির দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা শুক্রবার (১৯ জুন) লন্ডনের কেমব্রিজ থানায় এ মামলা করেছেন।

মামলার অপর আসামিরা হলেন এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলম। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। এনসিপির ভাষ্য অনুযায়ী, জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।

শনিবার (২০ জুন) এনসিপি ইউকে অ্যালায়েন্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও সাবেক সরকারের সমর্থকরা হাসনাত আব্দুল্লাহ ও তার সফরসঙ্গীদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও হয়রানির পর এবার ‘মিথ্যা মামলা’ করেছে। মামলায় এনসিপি নেতাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধরের অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে দলটি।

এনসিপির অভিযোগ, এ ধরনের মামলার মাধ্যমে যুক্তরাজ্য পুলিশের মূল্যবান সময় নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড, জননিরাপত্তা এবং যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে দেশটির একটি বিশেষায়িত সংস্থা তদন্ত কার্যক্রম শুরু করেছে।

এদিকে হাসনাত আব্দুল্লাহ যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তিনি বলেন, অক্সফোর্ড ইউনিয়নে তার বক্তব্য এবং যুক্তরাজ্যজুড়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় কর্মসূচি ব্যাহত করতে বারবার চেষ্টা করা হলেও তা সফল হয়নি।

উল্লেখ্য,মামলার বিষয়ে যুক্তরাজ্য পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের সংশ্লিষ্ট পক্ষের বক্তব্যও পাওয়া যায়নি।

সূত্র: কালবেলা

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়