Spread the love

কুমিল্লার দেবিদ্বারে চামড়াবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে উল্টে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালকের সহকারী ও এক ট্যানারি কর্মচারী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (২০ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খলিলপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মো. সোহেল রানা। তিনি গাজীপুরের বাসিন্দা। রাত ১টা পর্যন্ত ট্রাকের নিচে চাপা পড়া তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

আহতরা হলেন—পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা ও ট্যানারি কর্মচারী মো. সোহেল সর্দার এবং ট্রাকচালকের সহকারী মনির হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় চামড়া ব্যবসায়ী মো. সফিকুল ইসলাম বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা চামড়া তার শেডে সংরক্ষণ করেন। শনিবার রাতে প্রায় এক হাজার চামড়া সাভারের একটি ট্যানারিতে পাঠানোর উদ্দেশ্যে ট্রাকে তোলা হয়। পথে খলিলপুর বাজার এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে উল্টে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও দেবিদ্বার থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক নিহত হন।

চামড়া ব্যবসায়ী মো. সফিকুল ইসলাম বলেন, “ট্রাকে প্রায় এক হাজার চামড়া ছিল। দুর্ঘটনার পর চামড়াগুলো সরিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে।”

মুরাদনগর ফায়ার সার্ভিসের লিডার মো. জসিম উদ্দিন বলেন, “স্থানীয়দের সহায়তায় ট্রাক থেকে চামড়া নামিয়ে চালকের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে।”

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ট্রাকের নিচে চাপা পড়ায় চালককে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।”

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়