‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬-এর প্রাথমিক বাছাই পর্বের তৃতীয় ও শেষ দিনের কার্যক্রম শনিবার (২০ জুন) কুমিল্লা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এদিন প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা শারীরিক সক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবে পুশআপ, সিটআপ, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং ইভেন্টে অংশগ্রহণ করেন।
কুমিল্লা জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মো. আনিসুজ্জামান, পিপিএম বাছাইপর্বে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন ও শুভকামনা জানান। তিনি লিখিত পরীক্ষায় ভালো ফল অর্জনের লক্ষ্যে প্রার্থীদের যথাযথ প্রস্তুতি নিয়ে অংশগ্রহণের আহ্বান জানান।
পুলিশ সুপার প্রার্থী ও তাদের অভিভাবকদের উদ্দেশে বলেন, বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ এবং বহুমাত্রিক মনিটরিং ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। তাই কোনো ধরনের দালাল বা প্রতারকের প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, কেউ যদি চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থ বা অন্য কোনো সুবিধা দাবি করে, তবে বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট থানায় জানাতে হবে।
এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদল এবং নিয়োগ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
