বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার বিরুদ্ধে রাউজান এলাকার গিয়াস উদ্দীন কাদের কর্তৃক প্রদত্ত কুরুচিপূর্ণ, অশালীন ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা।
এক বিবৃতিতে সংগঠনটি জানায়, একটি আদর্শিক, ধর্মীয় ও শান্তিপূর্ণ ছাত্রসংগঠনকে উদ্দেশ্য করে এ ধরনের মন্তব্য শুধু রুচিহীনই নয়, বরং তা সমাজে বিভ্রান্তি সৃষ্টি এবং অশান্তি উসকে দেওয়ার শামিল। রাজনৈতিক কিংবা ব্যক্তিগত স্বার্থে ছাত্রসমাজ ও ইসলামী মূল্যবোধকে হেয় করার এই প্রবণতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, কিছু ব্যক্তি স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ ঘটিয়ে মত প্রকাশের স্বাধীনতাকে কটাক্ষ, কুৎসা ও আক্রমণের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যা গণতান্ত্রিক ও সভ্য সমাজের পরিপন্থী। এ ধরনের বক্তব্য সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে পারে বলে সংগঠনটি গভীর উদ্বেগ প্রকাশ করে।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা জানায়, সংগঠনটি সবসময় যুক্তি, শালীনতা ও নৈতিকতার পথে বিশ্বাসী। কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে ছাত্রসেনার আদর্শ, সংগ্রাম ও ঐতিহ্যকে ক্ষুণ্ন করা যাবে না।
বিবৃতিতে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবিলম্বে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপচেষ্টা অব্যাহত থাকলে সাংগঠনিক ও আইনানুগ পদক্ষেপ গ্রহণের অধিকার সংরক্ষণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
বিবৃতির শেষাংশে বলা হয়, “সত্যের পথেই আমাদের সংগ্রাম— ছাত্রসেনার আদর্শের সংগ্রাম চলছে, চলবে, ইনশাআল্লাহ।”
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিন স্বাক্ষরিত দলীয় প্যাডে এ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
