প্রথম ম্যাচে নবাগত কুরাসাওয়ের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করে প্রত্যাশিত শুরু করতে পারেনি স্পেন। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সৌদি আরবকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ইউরোপীয় পরাশক্তিরা।
আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে স্পেন। ম্যাচের মাত্র ১০ মিনিটেই দলকে এগিয়ে দেন ১৮ বছর বয়সী লামিন ইয়ামাল। এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে নতুন এক কীর্তি গড়েন তিনি। ১৮ বছর বা তার কম বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে ম্যাচের প্রথম গোল করার রেকর্ডে এতদিন এককভাবে শীর্ষে ছিলেন ব্রাজিল কিংবদন্তি পেলে। ১৯৫৮ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে ১৭ বছর বয়সে তিনি এই কীর্তি গড়েছিলেন। ৬৮ বছর পর সেই রেকর্ডে নিজের নাম যুক্ত করলেন ইয়ামাল।
২৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্পেন। কর্নার থেকে তৈরি সুযোগে দানি ওলমোর ফ্লিকের পর সৌদি রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বল জালে জড়ান মিকেল ওইয়ারসাবাল।
এর মাত্র এক মিনিট পরই আবার গোল করেন ওইয়ারসাবাল। মার্ক কুকুরেয়ার নিয়ন্ত্রিত বল থেকে দানি ওলমোর সহায়তায় নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন তিনি। প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেও আক্রমণাত্মক ফুটবল অব্যাহত রাখে স্প্যানিশরা। ৪৯তম মিনিটে কুকুরেয়ার ভলি সৌদি গোলরক্ষক ফিরিয়ে দিলেও বল হাসান আল তামবাকতির শরীরে লেগে জালে ঢুকে যায়। আত্মঘাতী সেই গোলে ব্যবধান দাঁড়ায় ৪-০।
যোগ করা সময়ে ফেরান তোরেস আরও একবার বল জালে পাঠালেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনায় অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। শেষ পর্যন্ত ৪-০ গোলের দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে স্পেন।
