কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সেলিমা আহমাদ মেরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২১ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই মিনহাজ আল-ইসলাম। তিনি জানান, সেলিমা আহমাদ মেরী দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হোমনা পৌরসভার সাবেক মেয়র ও হোমনা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলামও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সেলিমা আহমাদ মেরী দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল মাতলুব আহমাদের সহধর্মিণী ছিলেন। তিনি নারী উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ ওমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং দেশে নারী উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
রাজনৈতিক জীবনে তিনি কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও নারী উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে ব্যাপক পরিচিতি লাভ করেন।
তার মৃত্যুতে রাজনৈতিক, ব্যবসায়ী ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
