লন্ডনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ এবং উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজনকে আটক করেছে স্থানীয় পুলিশ। সোমবার (১৫ জুন) পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল ও এলেম পার্ক এলাকায় পৃথকভাবে এসব ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
জানা যায়, এনসিপি ইউকে অ্যালায়েন্সের উদ্যোগে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকার ইস্ট লন্ডন মসজিদসংলগ্ন মায়েদা ব্যাঙ্কুয়েটিং হলে জুলাই আন্দোলন বিষয়ক একটি সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর।
তাঁর আগমনের খবর ছড়িয়ে পড়ার পর বিকেল থেকেই অনুষ্ঠানস্থলের বাইরে যুক্তরাজ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন। অপরদিকে এনসিপির সমর্থকরাও সেখানে অবস্থান নেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে হাসনাত আবদুল্লাহ রাত ৯টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছান। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে বিকল্প প্রবেশপথ ব্যবহার করে তিনি ভেন্যুতে প্রবেশ করেন। এ সময় তাঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হলেও তিনি নিরাপদে হলরুমে প্রবেশ করেন। অনুষ্ঠান শেষে কঠোর নিরাপত্তার মধ্যেই তিনি স্থান ত্যাগ করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয় এবং তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক রয়েছেন বলে জানা গেছে।
এর আগে একই দিন বিকেলে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকার এলেম পার্কেও উত্তেজনার আরেকটি ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ ও তাঁর সহকর্মীরা হাঁটার সময় কয়েকজন ব্যক্তি তাঁদের অনুসরণ করে বিভিন্ন মন্তব্য করেন। একপর্যায়ে সেখানে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে, যাতে এনসিপির এক নেতার গায়ে ডিম লাগে।
পরিস্থিতি আরও উত্তপ্ত হলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে উপস্থিত লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
লন্ডনে ঘটে যাওয়া এসব ঘটনাকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
