রাজবাড়ী জেলার স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে জেলা শিক্ষা অফিস।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়। গত ১০ জুন জারি করা স্মারকে জেলার সব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়, জেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের কিছু শিক্ষক দীর্ঘদিন ধরে বাণিজ্যিক ভিত্তিতে কোচিং পরিচালনা করে আসছেন। বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেক অভিভাবক ও শিক্ষার্থী কোচিংনির্ভর শিক্ষাব্যবস্থার কারণে কার্যত জিম্মি হয়ে পড়েছেন।
স্মারকে আরও বলা হয়, কোচিং বাণিজ্যের কারণে অভিভাবকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে। পাশাপাশি কিছু শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদানে পর্যাপ্ত মনোযোগ না দিয়ে কোচিং কার্যক্রমে বেশি সময় ব্যয় করছেন। এর ফলে দরিদ্র ও পিছিয়ে পড়া শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয়ের ‘শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২’ অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনার অনুলিপি জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সুপারদের কাছে পাঠানো হয়েছে।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণে নীতিমালার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে উপজেলা পর্যায়ে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হবে। কর্মকর্তারা জানান, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
