Spread the love

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা। পরীক্ষার্থীদের আবেদন, সংশ্লিষ্ট অধ্যক্ষের মতামত এবং উপজেলা প্রশাসনের সুপারিশের ভিত্তিতে বুড়িচং উপজেলার সোনার বাংলা কলেজ (কেন্দ্র কোড-১৪২, বুড়িচং-২) পরীক্ষাকেন্দ্রটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত ১৫ জুন ২০২৬ তারিখের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজের পরীক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে এবং বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, পূর্বনির্ধারিত সোনার বাংলা কলেজ কেন্দ্রের পরিবর্তে ফকির বাজার হাইস্কুল অ্যান্ড কলেজকে নতুন পরীক্ষাকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষকে পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, পরীক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ এবং পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতেই কেন্দ্র পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কেন্দ্র নির্ধারণের ফলে পরীক্ষার্থীদের সময়মতো পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার জন্য আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এদিকে পরীক্ষাকেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, উপজেলা প্রশাসন ও শিক্ষা বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সবুজ। একই সঙ্গে তিনি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল হোসেনকেও শুভেচ্ছা জানান।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়