কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল ও সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারসহ ৫১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ১৬০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
সোমবার (৮ জুন) সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে ৪৯ নম্বর আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, রোববার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ এলাকায় বাস ও মাইক্রোবাসযোগে এসে কয়েকশ নেতাকর্মী নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। অভিযোগে বলা হয়, রাষ্ট্রের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ৪৮ জনকে আটক করা হয়। পরে সোমবার তাদের আদালতে হাজির করা হলে বিচারক জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ মামুনুর রশিদ।
তদন্তের প্রাথমিক তথ্যের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইসরাফিল পিয়াস এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এহতেশামুল হক ভূঁইয়া রুমীর অর্থায়ন ও নির্দেশনায় মিছিলটি অনুষ্ঠিত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।
মামলায় ৫০ নম্বর আসামি হিসেবে ইসরাফিল পিয়াস এবং ৫১ নম্বর আসামি হিসেবে এহতেশামুল হক ভূঁইয়া রুমীকে অভিযুক্ত করা হয়েছে। তারা বর্তমানে পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আত্মগোপনে থাকায় অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, “মামলায় গ্রেপ্তার ৪৮ জনকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
